জামালপুরের আটজনের বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। মামলাটি রায় ঘোষণার জন্য গতকাল রবিবার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৯ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের বলেন, এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল। রায় ঘোষণার জন্য কার্যতালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের মত অপরাধের অভিযোগ আনা হয়েছে আট আসামির বিরুদ্ধে। এই আসামিরা হলেন, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী। এদের মধ্যে শামসুল ও ইউসুফ কারাগারে বন্দি রয়েছেন। বাকি ছয়জন পলাতক। তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম চলে।
গ্রেফতারকৃতদের মধ্যে শামসুল হক জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির এবং সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফও একসময় জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় এই দুজন ছিলেন রাজাকার। বাকি ছয়জন আলবদর বাহিনীতে যুক্ত ছিলেন বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের আবেদন জানিয়েছে। অপরদিকে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করে যুক্তিতর্কের শুনানিকালে।