বিকাশমান স্মার্টফোনের বাজারে এগিয়ে থাকতে তুলনামূলক কম বাজেটের ডিভাইস 'এক্স স্ক্রিন' আনতে যাচ্ছে এলজি। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবার প্রকাশ্যে আসে ফোনটি। এরপর মার্চ থেকে গুটি কয়েক দেশে ফোনটির বিক্রি শুরু হয়। আর এবার এটি বিকাশমান স্মার্টফোনের বাজারে আসছে। আজ সোমবার ফোনটি ভারতের বাজারের জন্য উন্মোচন করা হবে। ডিভাইসটি অন্যান্য দেশগুলোতে মিলবে শিগগিরই।
বাজেট স্মার্টফোনের বাজারে শক্ত ভিত গড়তে এর আগে ‘কে’ সিরিজের স্মার্টফোন নিয়ে আসে এলজি। সেই তালিকায় এবার জুড়তে চলেছে এক্স স্ক্রিন মডেলের নামও।
এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট হল এর ডুয়াল স্ক্রিন। ৪.৯৩ ইঞ্চির মূল ডিসপ্লে এইচডি রেজ্যুলেশনের, সঙ্গে রয়েছে আরেকটি ছোট সেকেন্ডারি স্ক্রিন। এই দ্বিতীয় স্ক্রিনে দেখা যাবে নোটিফিকেশন। কোনও অ্যাপ না খুলেই স্রেফ আঙুলের ছোঁয়ায় ‘চেক’ করা যাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার। সেকেন্ডারি ডিসপ্লেটি ১.৭৬ ইঞ্চির, রেজ্যুলেশন ৫২০x৮০ পিক্সেল।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের নতুন ফোনটির র্যাম ২ জিবির, ইন্টারনাল মেমোরি ১৬ জিবির। ১২০ গ্রাম ওজনের এই ফোনের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ২৩০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের স্ট্যান্ডবাই টাইম ১২০ ঘণ্টা বলে দাবি নির্মাতাদের।
ফোর-জি এলটিই মডেলের এই স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো আপডেট। কালো, সাদা ও পিঙ্ক-গোল্ড রঙের তিনটি মডেল বাজারে আসতে চলেছে।
ভারতের বাজারের জন্য ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।