হ্যাঁ, আমি জঙ্গি : কেরালা রাজ্যের হারিয়ে যাওয়া তরুণ

 
'মানুষ আমাকে জঙ্গি বলতে পারে। যদি আল্লাহর পথে লড়াই করা জঙ্গিবাদ হয়, হ্যাঁ আমি জঙ্গি।'- ভারতের কেরালা রাজ্যে হারিয়ে যাওয়া তরুণদের মধ্যে একজন তার পরিবারকে এই মেসেজটি পাঠিয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, কেরালা রাজ্যে হারিয়ে যাওয়া ১৫ জন তরুণের মধ্যে মোহাম্মদ মারওয়ান একজন।
 
ধারণা করা হচ্ছে রাজ্যের হারিয়ে যাওয়া এই তরুণেরা ইসলামিক স্টেট (আইএস) নামধারী গোষ্ঠীতে যোগ দিয়েছে। টেলিগ্রাম অ্যাপস থেকে মারওয়ান এই মেসেজ পাঠায়। সেখানে সে আরো লেখে, 'এখানে আইএসের সঙ্গে কাজ শেষ করে ভারতে ফেরত আসব। কাশ্মির, গুজরাট ও মুজাফ্ফরনগরে থাকা মুসলিম ভাইদের হত্যার প্রতিশোধ নেব। এখানে মুসলমানেরা এমনকি শিশুরা মার্কিন ও রাশিয়ানদের বোমার আঘাতে মারা যাচ্ছে। যেখানে মুসলিম উম্মাহ'র ওপর আক্রমণ হচ্ছে সেখানে কিভাবে আমি শান্তিতে বসে থাকতে পারি।'
 
এ সময় সে আরো জানায়, এশিয়ার পশ্চিমাঞ্চলে থেকে সে ট্রেনিং নিচ্ছে। তবে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ভারতের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়া।