ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কাছে একটি ধানের জমির পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় কবির হোসেন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের চারদিন পর রবিবার সন্ধ্যায় উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের পাশে কৃষি জমি থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত কবির তালশহর গ্রামের পশ্চিম পাড়া মো. আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি উপজেলা শহরের সোনারামপুর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকত এবং ঢাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের তালশহর অংশে একটি ধানের জমিতে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে রবিবার সন্ধ্যায় তার অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, কবির হোসেন গত বৃহস্পতিবার দুপুরে কলাবাগান বাসা থেকে দুপরের খাবার খেয়ে বেড়িয়ে যাওয়ার পর রাতে আর বাসায় বা ফিরে আসেননি। পরদিন থেকে পরিবারের লোকজন তাদের স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করতে থাকে। অবশেষে নিখোজের ৪ দিন পর থানায় এসে কবিরের লাশ দেখে সনাক্ত করে তার পরিবারের লোকজন। কবিরকে হত্যা করে লাশ জমিতে ফেলে গেছে বলে স্বজনদের দাবি।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহত কবিরের লাশটি প্রায় ৩/৪ দিন আগের।ধারনা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ব্যাপারের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।