প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম, ইউএনডিপি বাংলাদেশ এবং ইনোভেশনস ফর পোভার্টি একশন-এর যৌথ উদ্যোগে রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'ক্রিয়েটিং ইনোভেশন ডাজ নট গ্যারান্টি ইটস অ্যাডাপশন: ইউজিং রিসার্স টু ডিজাইন স্মার্ট পাবলিক পলিসি' শীর্ষক ওই সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি’র স্কুল অব ম্যানেজমেন্ট-এর প্রফেসর মুশফিক মোবারক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বর্তমান সময়ে গবেষণার গুরুত্ব উল্লেখ করে বলেন, 'গবেষণায় নতুন নতুন উদ্ভাবন যে কোন সমস্যার সমাধান করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিত বিবেচনা করে মুশফিক মোবারকের এই টুলসগুলো বাস্তবায়ন সময়োপযোগী।'
এছাড়াও তিনি অনুষ্ঠানে উপস্থিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মুশফিক মোবারকের উত্থাপিত বিষয়গুলো যাচাই-বাছাই করে তা বাস্তবায়নের নিমিত্তে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
প্রধান আলোচক প্রফেসর মোবারক তার বক্তব্যে মাঠ পর্যায়ের অনুশীলনলব্ধ জ্ঞানকে কীভাবে উদ্ভাবনের সুবিধাসমূহ পরিমাপ করতে এবং জনগণকে উদ্ভাবনে অভ্যস্ত হতে উদ্বুদ্ধ করার মাধ্যমে কর্মকৌশল প্রণয়নে সহায়ক হতে পারে তা বর্ণনা করেন।
এছাড়াও এ ধরণের অনুশীলনলব্ধ জ্ঞান কীভাবে নীতিমালা প্রণয়নে সরকারকে সহযোগিতা করতে পারে- সে বিষয়েও বক্তব্য প্রদান করেন তিনি।
এই সেমিনারে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, সাধারণ অর্থনীতি বিভাগের অধীনে পরিকল্পনা মন্ত্রণালয়ের মেম্বার (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।