বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মাদক সেবনের অভিযোগে মোশারফ হোসেন (৩৫) নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সৈয়দা নাহিদা হাবিবা তাকে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সোনারামপুর গ্রামের হাজী আব্দুল কাদেরের ছেলে মোশারফ মাদক সেবন করে তার বাবা-মাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। তার বাবা বিষয়টি থানায় অবহিত করলে সোমবার সকালে পুলিশ সোনারামপুর তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় মোশারফকে আটক করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাকে ২ বছরের বিনাশ্রাম কারাদণ্ড প্রদান করা হয়।