মাদারীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীরের’ তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।
আটকরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার জাহিদুল ইসলাম (২১), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন প্রধান (২৫) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আব্দুল্লাহ আল আহাদ (১৯)।
ওসি বলেন, গত বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রাম থেকে জিহাদি বইসহ ওই তিন যুবককে আটক করা হয়। এরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য।
শুক্রবার সদর থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুপুরে তাদের আদালতে হাজির করে হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করা হয় বলে জানান তিনি।