ট্রাক নিয়ে মহড়া দিয়েছিল নিসের হামলাকারী

ফ্রান্সের নিস শহরে জনতার উপর ট্রাক হামলার কয়েকদিন আগে ওই রাস্তায় মহড়া দিয়েছিলেন হামলাকারী মোহাম্মদ ল্যউইজ-বুলেল। বাস্তিল দিবসের উত্সবে আতসবাজি দেখতে জড়ো হওয়া হাজারো মানুষের ওপর দিয়ে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দুই কিলোমিটার পর্যন্ত ট্রাক চালিয়ে নিয়ে যায় ওই হামলাকারী।
 
ফরাসি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার পূর্বপ্রস্তুতি হিসাবে বুলেল মঙ্গল ও বুধবার নিস শহরের সমুদ্রতীরবর্তী ফুটপাতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে মহড়া দিয়েছিলেন। ইউরোপ ওয়ান বেতার বলেছে, হামলার আগের দিনগুলোর সিসিটিভি ফুটেজে তাকে ওই এলাকায় গাড়ি চালাতে দেখা গেছে। তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসী নাগরিক বুলেল খুব ভালভাবে জায়গাটি পর্যবেক্ষণ করছিলেন।
 
বৃহস্পতিবারে রাতে সেখানে ট্রাক হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করে ট্রাকটি থামাতে সক্ষম হয়।
 
তিউনিসিয়ায় থাকাকালে বুলেলের মানসিক সমস্যাও ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন তার বোন। ২০০৫ সালে তিউনিসিয়া থেকে ফ্রান্সে যাওয়ার আগে বহুবছর বুলেল মনোরোগ চিকিৎসাধীন ছিলেন।
এই হামলার প্রশংসা করে ইসলামিক স্টেটের (আইএস) আমার সংবাদ সংস্থা থেকে খবর প্রকাশ করা হলেও, জঙ্গি সংগঠনটির সঙ্গে হামলাকারীর কোন যোগাযোগ ছিল না বলে জানিয়েছে ফরাসী কর্তৃপক্ষ।
 
হামলায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে আলবেনীয় এক জুটিকে। তাদেরকে রবিবার সকালে গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় এখনো নির্ধারণ করা যায়নি। সূত্র: রয়টার্স