‘জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য হয়ে গেছে’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে জাতি ক্ষুদ্ধ ও হতাশ হয়েছে বলে মনে করে বিএনপি।
সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐক্য নিয়ে সরকারের ‘দাম্ভিকতার’ পরও আমরা আহ্বান জানিয়ে যাবো। জাতীয় ঐক্যের আহ্বান বিএনপি অব্যাহত রাখবে। আশা করি আজ না হয় কাল এ আহ্বানে সরকার সাড়া দিবে। গতকাল হয়নি আগামীকাল হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ঐক্যের আহ্বান ছিল সময়োপযোগী ও রাষ্ট্রনায়োকচিত। তার বক্তব্যে জন আকাঙ্খা প্রতিফলিত হয়েছে। দলমত নির্বিশেষে সকলের আশা ছিল সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী দিয়ে এই সমস্যার সমাধান হবে না। বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতাশীন ১৪ দলীয় ঐক্য প্রক্রিয়াকে কিভাবে তিনি জাতীয় ঐক্য বলেন।
ব্লেইম গেইম বাদ দিয়ে জাতিকে অনিশ্চিত ভবিষ্যত্ থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, সরকারে ভ্রান্ত নীতির কারণে উগ্রবাদ মাথাছাড়া দিয়ে উঠছে। নজরুল ইসলাম খান বলেন, সরকারের অহমিকা দেখিয়ে জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না। তারা ভাবছে একাই পারবে কিন্তু তা সম্ভব হচ্ছে না। আগে যেখানে এক দুই জন মারা যেত এখন ২০-২২ জন মারা যাচ্ছে। দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।