বিএনপি নেতা ড. মোশাররফ ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলা চলবে। মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দেন।
 
ড. খন্দকার মোশাররফ হোসেন চার দলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের টিকিট তার ছেলে ড. খন্দকার মাহবুব হোসেনের ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে নেয়া হত। এই টিকিট ক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের প্রায় ৪৮ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। নগরীর গুলশান থানায় এই মামলা করা হয়। পরে এই মামলঅর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ড. মোশাররফ ও তার পুত্র। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করে। দীর্ঘ ৮ বছর পর ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। বিএনপি নেতার পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জারিকৃত রুল খারিজ করে রায় দেয়।