কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে আজ অনুষ্ঠিত হচ্ছে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে আয়োজন করা হয়েছে (হুমায়ূন আহমেদের) কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে কোরআনখানি। আশপাশের এতিমখানা ও মাদ্রাসার কয়েক’শ ছাত্র কোরআন তেলাওয়াত করবেন। পরে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ সব অনুষ্ঠানের জন্য হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে সোমবার রাতে নুহাশ পল্লীতে এসে পৌঁছেছেন।
উল্লেখ, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়ায় হুমায়ূন আহমেদের হাতে গড়া নুহাশ পল্লীর লিচুগাছ তলায় তাকে দাফন করা হয়।