নাসার সঙ্গে ‘স্পেসএপ্স বাংলাদেশ’ এর বৈঠক অনুষ্ঠিত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ( নাসা) সঙ্গে ‘স্পেসএপ্স বাংলাদেশ’ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নাসার প্রধান কার্যালয় ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  
 
বৈঠকে উপস্থিত ছিলেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সি টি ও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম ম্যানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিস্ট নিল নিউমেন। ‘স্পেসএপ্স বাংলাদেশ’ এর পক্ষে উপস্থিত ছিলেন কনভেনর আরিফুল হাসান অপু (বেসিস-এর পরিচালক), আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও ডিআইইউ সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ- এর প্রধান তৌহিদ ভুইঞা। 
 
আরিফুল হাসান অপু জানান, Space Apps Project Accelaretor, NASA Innovation Centre সহ বাংলাদেশ থেকে কিভাবে নাসার সঙ্গে আমাদের দেশের ছাত্র/ ছাত্রী ও প্রফেশনালরা কাজ করতে পারেন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনায় হয়। এছাড়া আগামী আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া প্রজেক্ট এক্সসিলারেটর প্রোগ্রাম- এর কারিগরি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানানো হয়েছে। 
 
এলেন স্তোফান বাংলাদেশের বিভিন্ন ইনভেনশনের প্রশংসা করেন এবং সেই সঙ্গে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানান।
 
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পরিচালক আরিফুল হাসান অপু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আমন্ত্রণে ওয়াশিংটনে যাওয়ার কথা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন। 
 
আরিফুল হাসান অপু একজন তরুণ উদীয়মান বাংলাদেশি আইটি উদ্যোক্তা। তার বেশ কিছু উল্লেখযোগ্য আবিষ্কার রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ৪৫টি বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি মেলার নির্দেশক ও বিচারকের দায়িত্ব পালন করেছেন। আরিফুল হাসান অপু জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা করেন ডক্টরসবিডি.কম। এটি আমাদের দেশের প্রথম চিকিত্সা বিষয়ক ওয়েব পোর্টাল। এছাড়াও তিনি তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘ই-সফট’-এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দেশের সবচেয়ে বড় স্টুডেন্ট ফোরাম ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’-এর সমন্বয়কের দায়িত্বে আছেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন ‘নাসা অ্যাপ চ্যালেঞ্জ-২০১৬’-এর বাংলাদেশ পর্বের সমন্বয়ক।