বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

 
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে সৃষ্ট বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। সোমবার রাতে চিকিত্সাধীন অবস্থায় আমির হোসেন (৫৫) মারা যান।
 
আমিরের ছেলে  ইসহাক হোসেনকে (২৯) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ে মিনা আক্তার (২৬) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের শের আলী ও তার ছোট ভাই আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শের আলী ও তার ছেলে জাহিদ হাসান মিলে ছোট ভাই  আমির হোসেনকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন মিনা ও ইসহাক। পরে মুমূর্ষু অবস্থায় আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিত্সাধীন অবস্থায় আমির হোসেন মারা যান।
 
সখীপুর থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।