সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা এবং তথ্যপ্রযুক্তিতেও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে রাজধানীর রায়েরবাজারের জাগো স্কুলে ‘এলজি আইটি একাডেমি’ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
এ নিয়ে মঙ্গলবার রায়েরবাজারে জাগো ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে একটি সমঝোতা চুক্তি সই করেছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন। ওই সমঝোতা স্মারকে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ সই করেন।
চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান, সহকারী ব্যবস্থাপক মো. মনোয়ার হোসাইন এবং জাগো ফাউন্ডেশনের জেষ্ঠ্য ব্যবস্থাপক নুসরাত জেরিন।
সমঝোতা স্মারক অনুযায়ী, কম্পিউটার ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ‘এলজি আইটি একাডেমি’তে জাগো ফাউন্ডেশনের শিশু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে। এই একাডেমি নির্মাণে আর্থিক সহায়তা দিবে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। ২০১৭ সালের জানুয়ারি থেকে এই একাডেমির সুবিধা নিতে পারবে শিশু ও শিক্ষার্থীরা। এখানে শিশুরা কম্পিউটারের ব্যবহার এবং তথ্য প্রযুক্তির নানা দিক সম্পর্কে জানতে পারবে।
এ ব্যাপারে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম বলেন, 'নতুন নতুন ইলেক্ট্রনিক পণ্য উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনার চেষ্টা করছে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। টেকসই উন্নয়নে জনগণকে সামিল করতেও আমাদের অব্যাহত চেষ্টা রয়েছে। মানসম্পন্ন শিক্ষার মাধ্যমেই দারিদ্র দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।'
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ বলেন, 'সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলজি আইটি একাডেমি শিশুদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক জীবনযাপনেও ইতিবাচক পরিবর্তন আনবে।