স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও এএফসি কাপে টানা ব্যর্থতার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো শফিকুল ইসলাম মানিককে। তার পরিবর্তে আবারো ধানমন্ডির এই ক্লাবের দায়িত্ব পাচ্ছেন দলটির সাবেক কোচ জোসেফ আফুসি।
চলতি মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের সেমিফাইনালে আবাহনী লিমিটেডের কাছে ৬-০ গোলে হারে শেখ জামাল। ফেডারেশন কাপেও দলটির পথচলা থামে আরামবাগের কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে। দুটি আসরে দলের ব্যর্থতাই মানিকের বিদায়ের কারণ বলে ইঙ্গিত দিয়েছেন শেখ জামালের কর্মকর্তারা।
তবে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারেও দারুণভাবে সফল ছিলেন শফিকুল ইসলাম মানিক। দেশের অন্যতম বড় ক্লাব ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো ক্লাবগুলোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশের ফুটবলের নতুন শক্তি চট্টগ্রাম আবাহনীরও কোচের দায়িত্বে ছিলেন মানিক। তার অধীনেই শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপের শিরোপা জেতে চট্টগ্রাম আবাহনী।
শেখ জামালের দায়িত্ব নিয়ে অবশ্য ততটা সফল ছিলেন না মানিক। এজন্য তার উপর আস্থা রাখতে পারছিলেন না কর্মকর্তারা।