গরু নিয়ে বিরোধে গুজরাটে দলিতদের বিক্ষোভ

ভারতের গুজরাটে হিন্দু কট্টরপন্থীদের হাতে নিম্নবর্ণের দলিত সম্প্রদায়ের কয়েকজন লাঞ্ছিত হওয়ার ঘটনায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ওই সম্প্রদায়ের কয়েকজন মৃত একটি গরুর চামড়া ছাড়াতে গেলে তারা লাঞ্ছনার শিকার হন। খবর-বিবিসির।
 
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দলিতদের মধ্যে সাতজন আত্মহত্যার চেষ্টা চালায়। এ নিয়ে বিক্ষুব্ধরা বিভিন্ন স্থানে সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে রাখে।
 
ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র জিনিস। একারণে বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ রয়েছে। গত বছর উত্তর প্রদেশে একজন মুসলিমকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে। অভিযোগ ছিল ওই ব্যক্তি তাদের বাসায় গরুর মাংস রেখেছিল এবং তারা তা খেয়েছিল। এ কারণে কট্ট্ররপন্থীরা তাকে নির্মমভাবে হত্যা করে। ঠিক একই কারণে গুজরাটের দলিত সম্প্রদায়ের কয়েক ব্যক্তি লাঞ্ছিত হওয়ায় সাতজন আত্মহত্যার চেষ্টা চালান। এ নিয়ে সেখানে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
 
সোমবার বিক্ষোভকারীরা গন্ডাল, দোরাজিতে কয়েকটি সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা জুনাগাদি মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, দলিত সম্প্রদায়ের সাত ব্যক্তি সাতটি স্থান থেকে বিক্ষোভ করে। পুলিশ আরো জানায়, বড় ধরনের নাশকতা এড়াতে সেখানকার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তারা জানান।
 
মূলত দলিত সম্প্রদায়ের ওপর হামলার ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এ ঘটনায় অভিযুক্ত আট হামলাকারীকে শনাক্ত এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী আনানদিবেন পাটেল বলেছেন, তার সরকার দলিতদের রক্ষায় সবকিছুই করবেন। তিনি আরো বলেন, এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।