ফুটসাল মাতিয়ে দেশে ফিরলেন রোনালদিনহো

গত রবিবার ভারতে অনুষ্ঠিত ফুটসালে একাই বেঙ্গালুরুর জালে পাঁচবার বল জড়ান ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। যতক্ষণই মাঠে ছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীদের আনন্দ দিয়ে গেছেন। তবে এবার প্রিমিয়ার ফুটসালের মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে গেছেন দু’বারের ফিফা বর্ষসেরা। 
 
অবশ্য তার পরিবর্তে গোয়া টিমে যোগ দিচ্ছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তী কাফু।
 
গোয়া টিমের হয়ে প্রথম ম্যাচে কলকাতার কাছে হারের স্বাদ নেন রোনালদিনহো। ফাইভ-এ-সাইড ইভেন্টের পরের ম্যাচেই ফুটবলীয় নৈপুণ্যে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন সাবেক বার্সেলোনা তারকা। তার পাঁচ গোলে ৭-২ ব্যবধানে উড়ে যায় বেঙ্গালুরু। তিন দলের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে এক জয় ও এক হারে দুইয়ে গোয়া। এক জয় ও এক ড্রয়ে শীর্ষে কলকাতা। এক পয়েন্ট নিয়ে তলানিতে বেঙ্গালুরু।
 
ঘরের মাটিতে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে ২০১৬ প্যারালিম্পিকস গেমসের অফিসিয়াল অ্যাম্বাসেডর ৩৬ বছর বয়সী রোনালদিনহো। আগামী ৭ সেপ্টেম্বর এর পর্দা উঠবে। তার আগে ৪ আগস্ট থেকে রিও ডি জেনিরোতেই বসছে অলিম্পিক আসর।