দেশে বছরে প্রায় সাড়ে চার লাখ শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুদের মধ্যে ২৬ হাজারের মতো শিশুর মৃত্যু ঘটে, যা মোট নবজাতকের মৃত্যুর হারের ৪৫ শতাংশ।
মন্ত্রী বলেন, ‘অবশিষ্ট অপরিণত শিশুরা পরবর্তীতে শারীরিক নানা জটিলতায় ভোগে।’
এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে মন্ত্রী নাসিম বলেন, ‘বর্তমানে দেশে শতকরা ৫ দশমিক ৪০ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত।’
দেশের জনগণকে হেপাটাইটিস-বি ভাইরাস মুক্তকরণে দেশের হাসপাতালসমূহে বিনামূল্যে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে মন্ত্রী জানান। নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালে নবজাতক শিশু চুরি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। চুরি বন্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক নির্ধারিত ইউনিফর্ম পরার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’