কুষ্টিয়ায় সরকারি মেডিকেল অ্যাসিন্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) হোস্টেল অভিযান চালিয়ে জঙ্গি সম্পৃক্ততায় জড়িত অভিযোগে এক শিক্ষক ও আট শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা ওই হোস্টেলে অবস্থান করে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) হোস্টেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ ছাড়া পুলিশ জিহাদী বই ও ইসলামী ছাত্র শিবিরের মাসিক রিপোর্ট, চাঁদা আদায়ের রশিদসহ সাংগঠনিক কার্যক্রমের কাগজপত্র জব্দ করেছে।
আটককৃতরা হলেন- ফার্মেসি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলম (৪৫), ইসলামী ছাত্র শিবিরের সাথী আব্দুল হান্নান (২১) ও আব্দুল মান্নান (২১), শিবির কর্মী ইব্রাহিম আলী (১৯), মোহাম্মদ ইউসুফ (২০), সাইফুল ইসলাম (২১), আহসান হাবিব (২২), কাজী ফয়েজ আহম্মেদ সৌরভ (২২) ও আব্দুল করিম (২১)। আটককৃত শিক্ষক মোহাম্মদ আলমের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ ও অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, আটককৃতদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে।