বর্তমান পরিস্থিতিতে জঙ্গি হামলার ঝুঁকি মোকাবেলায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকগুলোকে আরো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট (বিএফআইইউ)। এক্ষেত্রে ব্যাংকিং লেনদেনে মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত গাইডলাইন যথাযথ পালন করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
মঙ্গলবার ২৮ তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেয় বিএফআইইউ। বাকি ২৮টি ব্যাংকের সঙ্গে আগামীকাল বুধবার বৈঠক হওয়ার কথা। ওইসব ব্যাংককেও অতিরিক্ত সতর্কতা পালনের বিষয়ে বলা হবে বলে বিএফআইইউ সূত্রে জানা গেছে।
ঈদের তিন দিন আগে গুলশানে ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই দুই ঘটনায় বিদেশি, পুলিশ ও হামলাকারীসহ ৩০ জন নিহত হয়েছে। দেশব্যাপী আরও জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। জঙ্গি হামলার কাজে অর্থের যোগান বন্ধ করতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক বিশেষ ইউনিট বিএফআইইউ। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজি হাসান।
এ বিষয়ে বিএফআইইউয়ের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ইত্তেফাককে বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন পরিপালন বিষয়ে এটি নিয়মিত কার্যক্রমের অংশ। ২৮টি ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। বাকি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক হবে বুধবার। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলোর আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে।