কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা মামলার আসামি জাহিদুল হক ওরফে তানিমকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
১০ দিনের রিমান্ড শেষে জাহিদুলকে মঙ্গলবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খানের আদালতে হাজির করলে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, আসামির কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। কিন্তু তদন্তের স্বার্থে এ মুহূর্তে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়।
গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ায় পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ নিহত হন। এরপর গোলাগুলি শুরু হলে এক হামলাকারী আাবির নিহত হন। পরে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলিতে এক গৃহবধূর মুত্যু হয়। ওই ঘটনায় জাহিদুল পুলিশের হাতে ও সাইফুল র্যাবের হাতে আটক হন। সাইফুল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের আব্দুল হাইয়ের এবং জাহিদুল কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশার আব্দুস ছাত্তারের ছেলে।