'ঐক্য গড়ে তুলে জঙ্গি হামলার মোকাবেলা করতে হবে'

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, 'সবাই মিলে-মিশে জাতীয় ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী-জঙ্গি হামলার মোকাবেলা করতে হবে।'
 
তিনি মঙ্গলবার জাতীয় সংসদে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে (রেস্টুরেন্ট), শোলাকিয়া, পবিত্র মদিনা ও ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী জঙ্গি হামলায় ১৪৭ বিধিতে আনিত নিন্দা প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।
 
সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি এসব ঘটনা শক্ত হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই গুলশান-শোলাকিয়ায় এ হামলা চালানো হয়েছে। একটি মহল দেশের বেকার শিক্ষিত ছেলেদেরকে বিপথগামী করায় উদ্বুদ্ধ (মোটিভেশন) করে এসব ঘটনা ঘটাচ্ছে। তিনি এ জন্য দেশে অধিক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার যুবকদের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।' সাথে সাথে ছেলে-মেয়েদের খোঁজ-খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
 
তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, 'আমাদের সবাইকে মিলে-মিশে এ ঘটনার মোকাবেলা করতে হবে। দেশের প্রতি বিদেশীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।' খবর- বাসস।