নজরকাড়া ডিজাইনের 'স্মল ফ্রেশ ৪' উন্মোচন জেডটিই'র

স্মার্টফোনের জগতে জনপ্রিয় হয়ে উঠেছে চীনা প্রতিষ্ঠানগুলো। নতুন নতুন স্মার্টফোন ছেড়ে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে তারা। তেমনই এক চীনা প্রতিষ্ঠান জেডটিই, স্মার্টফোনের বাজারে নিজেদের একটা অবস্থান গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
 
স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে জেডটিই কর্তৃপক্ষ। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি।
 
চীনে 'স্মল ফ্রেশ ৪' নামের একটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই। এটি কিনতে গ্রাহককে গুনতে হবে এক হাজার ৯০ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৯০০ টাকা।
 
৫ দশমিক ২ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লের হ্যান্ডসেটটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর। পাশাপাশি ২জিবি র‍্যামের সঙ্গে আছে ১৬জিবির অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা। এ পরিসর আবার মাইক্রোএসডির মাধ্যমে বাড়ানো যাবে।
 
১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে থাকা ফ্রন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের, ব্যাটারি ২৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের।
 
স্মল ফ্রেশ ৪ চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোতে। এ হ্যান্ডসেট মিলবে তিনটি রঙে— গোল্ড, সিলভার ও রোজ গোল্ড।
 
বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষায় রয়েছে জিপিআরএস/ইডিজিই, ফোরজি, জিপিএস/এ-জিডিএস, ব্লুটুথ, ওয়াই-ফাই ও মিক্রি-ইউএসবি। চলতি মাসের শেষ নাগাদ বাজারে আসবে স্মল ফ্রেশ ৪।