সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বান্দরবান পৌরসভাস্থ আর্মিপাড়া এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে জুলফিকার আলী (৬২), উপজেলাধীন সোহাগগঞ্জ গ্রামের হাজী আশরাফের ছেলে রেজাউল করিম(৫১)  ও অপরজনের পরিচয় জানা যায়নি।
 
বুধবার সকালে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। চালক পালিয়েছে।
 
পুলিশ জানায়, সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়ক বিভাজকের সঙ্গে বাসটির  ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে। কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসচালকের ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’