চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীদের ঢিলের আঘাতে শাটল ট্রেনের চালক ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, ট্রেন চালক ওবায়েদুজ্জামান ও রেলওয়ে পুলিশের এসআই জাকির হোসেন।
বুধবার সকালে অক্সিজেন মোড়ে এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ষোলশহর স্টেশনমাস্টার সাহাব উদ্দিন জানান, সকাল সোয়া আটটার দিকে বটতলী থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি অক্সিজেন মোড়ের কাছাকাছি পৌঁছালে ঢিলের আঘাতে ট্রেন চালক ও রেলওয়ে পুলিশের এক সদস্য আহত হন। এরপর ট্রেনটি বটতলী স্টেশনে ফেরত আনা হয়। বর্তমানে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বঞ্চিত ছাত্রলীগ নেতা ও ভিএক্স গ্রুপের নেতা রেজাউল করিম বলেন, ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হলেনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সর্বাত্মক ছাত্রধর্মঘট পালন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই চবি ছাত্রলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে পদ বঞ্চিত নেতা-কর্মীরা আন্দোলনে নামে।