আবারও ব্রাজিলে ব্লক হোয়াটসঅ্যাপ

ব্রাজিলে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্লক করে দেয়ার আদেশ দিয়েছেন এক বিচারক। মাদক পাচারের এক মামলার তদন্তে সাহায্য না করায় এই আদেশ দিয়েছেন ওই বিচারক।
 
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রিও ডি জেনিরো-এর বিচারক ডেনিলা বারবোসা তাৎক্ষণিকভাবে অ্যাপ্লিকেশনটি ব্লক করে দেয়ার আদেশ দেন। এমনটি ঘটবে বলে আগেই জানিয়েছিলো দেশটির ফোন কোম্পানিগুলো।
 
রিও এর পার্শ্ববর্তী শহর কেক্সিসের এক ফৌজদারি তদন্তে সাহায্য করতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো মেসেজ বন্ধ করে দেয়ার অনুরোধ পাঠানো হয় ফেসবুকে। বার বার অনুরোধ স্বত্বেও সাড়া দেয়নি সংশ্লিষ্টরা। আর সেজন্যই দেশটিতে মেসেজিং সেবাটি ব্লক করে দেয়া হয়েছে।
 
বিচারকের ওই আদেশের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
 
উল্লেখ্য, এর আগেও কয়েক বার একই রকম কারণে ব্রাজিলে ব্লক করা হয় হোয়াটসঅ্যাপকে।