প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারল অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং রায়গঞ্জ কম্পিউটার কাম কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট-সিরাজগঞ্জ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার এবং বিজিএমইএ এর সহ-সভাপতি মোহাম্মদ নাসির ও রায়গঞ্জ কম্পিউটার কাম কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান।
এ সমঝোতা স্মারকের আওতায় এটুআই প্রোগ্রামের উদ্যোগে এবং বিজিএমইএ ও অর্থ মন্ত্রণালয়ের 'স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সিপ)' এর সহায়তায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য স্থাপিত প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রসমূহে 'দক্ষতা ও কর্মসংস্থান' বিষয়ক প্রোগ্রাম চালু করা হবে। গ্রামীণ বেকার নারী-পুরষরা পোশাক তৈরি বিষয়ক বিভিন্ন কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীরা বিজিএমইএ এর অধীনে বিভিন্ন পোশাক ফ্যাক্টরিতে যথোপযুক্ত বেতনে চাকরি করবেন। এ উদ্যোগ সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অন্যান্য বেকার নারী-পুরষদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে। এর ফলে তাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে ও জীবনযাত্রার মান উন্নত হবে।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের অন্যতম একটি উদ্যোগ হল ‘কর্মসংস্থানের জন্য শিক্ষা ও দক্ষতা’। এ লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ৫০টির বেশি প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্র স্থাপন করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সিপ) কার্যকরী প্রকল্প পরিচালক আব্দুর রউফ তালুকদার এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জন প্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা উপস্থিত ছিলেন।