বগুড়ায় মেয়েকে হত্যা, সৎ মা গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলায় কন্যা শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার দুপুর ১২টার দিকে গাবতলী মডেল থানা পুলিশ নিহত মাহফুজা খাতুনের (৮) লাশ উদ্ধারের পর তার সৎ মা রেহেনা খাতুনকে গ্রেফতার করে। গাবতলী উপজেলার সরধনকুঠি গ্রামে হত্যার ঘটনা ঘটেছে।
 
স্থানীয়রা জানান, সরধনকুঠি গ্রামের আব্দুল আউয়াল ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। সেখানে প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করেন। গ্রামের বাড়িতে তার প্রথম পক্ষের মেয়ে মাহফুজা দ্বিত্বীয় স্ত্রী রেহেনা খাতুনের কাছে বসবাস করে। বুধবার  রেহেনা খাতুন মাহফুজাকে ডাক্তার দেখানোর কথা বলে বগুড়া শহরের নিয়ে আসে। বিকেলে বাড়ি ফেরার পর মাহফুজা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাতের কোন এক সময় মাহফুজা মারা যায়। সকালে রেহেনা প্রতেবশীদেরকে জানায় অসুস্থতার কারণে মাহফুজা মারা গেছে। গ্রামের লোকজনের এতে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় কালো চিহ্ণ দেখে পুলিশেরও সন্দেহ হয়। পরে নিহতের সৎ মা রেহেনাকে জিজ্ঞাসাবাদ করলে মাহফুজাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করে।
 
গাবতলী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আবু জাররা জানান, বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে বাসের মধ্যে মাহফুজাকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করানো হয়। এরপর বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে রাতে গলা টিপে মাহফুজাকে হত্যা করে রেহেনা। হত্যার কারণ হিসেবে রেহেনা পুলিশকে বিস্তারিত জানায়নি।