ইরানে পশ্চিমা ফ্যাশনের সমালোচনায় সরকারি গণমাধ্যম

পোশাকের ওপর ইংরেজি শব্দ লেখার পশ্চিমা ফ্যাশনের বিরুদ্ধে ইরানের সরকারি গণমাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল টু-তে সম্প্রতি একটি রিপোর্ট প্রচারিত হয়েছে যেখানে এ ধরনের ফ্যাশনকে নোংরা, ধর্মবিরোধী এবং শয়তান-পূজারি বলে বর্ণনা করা হয়েছে।
 
এই রিপোর্টে এমন সব লোককে তুলে ধরা হয়েছে যাদের পোশাকে ইংরেজিতে নানা ধরনের শব্দ- ‘লাভ’ কিংবা ‘নো রুলস’ লেখা রয়েছে। একজনের পোশাকে লেখা রয়েছে ‘ফ্রাইডে নাইট’। আর টেলিভিশনের ঐ রিপোর্টে পোশাকে এধরনের শব্দ ব্যবহারের নিন্দা জানানো হয়েছে।
 
যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি স্লোগান হচ্ছে ‘কিপ কাম অ্যান্ড ক্যারি অন’ যার বাংলা অর্থ: শান্ত থাকুন এবং নিজের কাজ চালিয়ে যান। আজকাল ফ্যাশন দুনিয়াতেও এই স্লোগানটিকে নানাভাবে ব্যবহার করা হয়। এমনি একটি স্লোগান হচ্ছে- কিপ কাম, অ্যান্ড আই এম কুইন’ যার অর্থ ‘শান্ত থাকুন, আমি রাণী।
 
কিন্তু ইরানী টেলিভিশনের রিপোর্টে এর ভিন্ন ব্যাখ্যা করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মেয়েলি ধাঁচের ছেলেদের কুইন বলে ডাকা হয়। তাই এই স্লোগানটি শোভন নয়। ইরানের ব্যবসায়ীরা সরকারি গণমাধ্যমের এই আচরণে অবাক হয়েছেন। এধরনের পোশাক ব্যবহারের পক্ষে-বিপক্ষে দুধরনের মত যেমন ব্যবসায়ীদের মধ্যে রয়েছে, তেমনি রয়েছে খদ্দেরদের মধ্যেও। বিবিসি।