জুরিখ অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল রাজশাহীর স্বচ্ছ

সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে ১১-১৮ জুলাই অনুষ্ঠিত ৪৭তম আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক বিজয়ী হয়েছে রাজশাহীর ছেলে ফাহিম তাজওয়ার স্বচ্ছ।
 
বিশ্বের ৮৭টি দেশের ৪০০ এবং বাংলাদেশ থেকে পাঁচ প্রতিযোগী এতে অংশ নিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে স্বচ্ছ এ সম্মানের অধিকারী হলো।
 
তার এই অসাধারণ সাফল্যের জন্য ৪৭তম আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সুইজারল্যান্ডের মাটিতে বাংলাদেশের পতাকা উড়েছে বলে জানান স্বচ্ছর বাবা রাজশাহী জেলা পরিষদের সচিব শেখ মুজিবুর রহমান। এর আগে স্বচ্ছ ২০১৪ সালে সিঙ্গাপুর, ২০১৫ সালে চায়না ও এ বছর হংকং এ অনুষ্ঠিত এশিয়ান পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করেছে। স্বচ্ছ বর্তমানে রাজশাহী কলেজের দ্বাদশ  শ্রেণিতে অধ্যয়নরত।