সরকারের ইচ্ছা পূরণ করতে হাইকোর্টের রায়: বিএনপি

 
সরকারের ইচ্ছা পূরণ করতে প্রতিহিংসা পরায়ণ হয়ে নিম্ন আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক  প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
 
রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার সরকারের নীলনকশার অংশ হিসেবে তারেক রহমানকে এই সাজা দেয়া হয়েছে।দুর্নীতির সাথে তিনি যুক্ত না থাকায় তিনি নিম্ন আদালত থেকে মুক্তি পান। সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের মাধ্যমে আপিল করে সাজা দেয়া হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে কোন বিচারকের ন্যায়বিচার করার অধিকার নেই। কোন বিচারক যদি ন্যায়বিচার করেন তাহলে তিনি দেশে থাকতে পারবেন না। আমরা উচ্চ আদালতের কাছ থেকে ন্যায়বিচারের আশা করব। আদালতে মানুষ ন্যায়বিচার পেলে আদালতের প্রতি আস্থা বাড়বে।
 
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।