ফরিদপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা

ফরিদপুর শহরের নিউ মেঘনা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।  
 
বৃহস্পতিবার দোকান মালিক বাসুদেব কর্মকার কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
 
সিসি টিভির ফুটেজে দেখে যায়, বুধবার রাত ৮টা ১৪ মিনিটে দোকানে প্রবেশ করে ডাকাতরা। আর ডাকাতি করে বের হয়ে যায় ৮টা ১৫ মিনিট ৪৪ সেকেন্ডে। হিসেব অনুযায়ী ডাকাতি সংগঠিত হয় ২ মিনিটেরও কম সময়ে। আর পুরো এলাকা থেকে পালাতে ডাকাতরা সর্বোচ্চ সময় নেয় ৫ মিনিট।
 
বুধবার রাত সোয়া ৮টার দিকে ফরিদপুর শহরের নিউ মেঘনা জুয়েলার্সে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে স্বর্নালঙ্কার লুটে নেয় ডাকাত দল। ডাকাতরা পালানোর সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
 
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানিয়েছেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। দোকান ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাত থেকেই কাজ করছে পুলিশ।