একের পর এক হত্যাকাণ্ড, জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় শাহবাগে গণমিছিল করবে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি হবে। ১৫ জুলাই শাহবাগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ থেকে ২০ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ২২ জুলাই গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গণমিছিল থেকে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়া ১৮ জুলাই থেকে গণজাগরণ মঞ্চ ঘোষিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি ‘প্রতিরোধ ঘরে ঘরে’ চলছে। পাশাপাশি সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী স্কোয়াড’ গঠনের কাজ চলছে বলে জানিয়েছে সংগঠনটি।
কর্মসূচি সম্পর্কে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা রাজপথে নেমেছি। সারা দেশে সর্বতোভাবে কর্মসূচি পালন করছি। ইতিমধ্যেই সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী স্কোয়াড গঠনের কার্যক্রম শুরু করেছি। শিগগিরই দেশের আনাচকানাচে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই স্কোয়াড গঠন করা হবে। রাজনৈতিক দলের পাশাপাশি জনতার প্রতিরোধ হিসেবে শিক্ষার্থীরা রাজপথে থাক।’