ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সান্ডারল্যান্ডের বস স্যাম অলড্রিচ। আর তা নিশ্চিত হলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দলকে নতুনভাবে পুনর্গঠিত করাই হবে অলড্রিচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সব কিছু ঠিক থাকলে বোল্টন, নিউ ক্যাসেল ও ওয়েস্ট হ্যামের সাবেক ম্যানেজার অলড্রিচই হতে যাচ্ছেন রয় হজসনের উত্তরসূরী।
সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্বল আইসল্যান্ডের কাছে পরাজিত হয়ে শেষ ১৬ থেকে বিদায় নেবার সাথে সাথেই ইংল্যান্ডের ম্যানেজারের পদ থেকে সড়ে দাঁড়ান হজসন। তারপর থেকেই নতুন কোচের তালিকায় ফেবারিট হিসেবে অলড্রিচের নাম সামনে চলে আসে। নতুন ম্যানেজার হিসেবে অলড্রিচের নাম ঘোষণার এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা।
২০০৬ বিশ্বকাপের পরে সেভেন-গোরান এরিকসনের পদত্যাগের পরেই ইংলিশ বস হিসেবে অলড্রিচের নাম শোনা গিয়েছিল। কিন্তু ঐ সময় স্টিভ ম্যাকলারেনের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। এই বছরই ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের ৫০ বছর উদযপান করতে যাচ্ছে ফুটবল এসোসিয়েশন। আর সেই অনুষ্ঠানের আনন্দেই ইংল্যান্ডের ১৫তম স্থায়ী ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অলড্রিচ। সূত্রমতে জানা গেছে অলড্রিচের ব্যপারে বেশ জোড়েসোড়েই সুপারিশ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস এ্যালেক্স ফার্গুসন।
এই পদের জন্য হাল সিটি ম্যানেজার স্টিভ ব্রুসও আবেদন করেছিলেন। তার সাক্ষাতকারও গ্রহণ করা হয়। সূত্রমতে জানা গেছে এফএ’র সংক্ষিপ্ত তালিকায় বোর্নমাউথ বস এডি হাওয়ে ও যুক্তরাষ্ট্রের কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানও ছিলেন। আগামী ১৩ আগস্ট থেকে প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরু হচ্ছে। সে কারনেই সান্ডারল্যান্ড ও হাল সিটি ক্লাব দুটোকে এফএ’র পক্ষ থেকে একটু আগে ভাগেই নতুন পরিকল্পনা করার ইঙ্গিত দেয়া হয়েছিল।
অর্থাৎ বেশ কিছুদিন আগে থেকেই ধারণা করা হয়েছিল এই দুই ক্লাবের যেকোন একটি থেকেই নতুন ম্যানেজার পেতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর প্রীতি ম্যাচ ও তিনদিন পরে স্লোভায়িকয়ার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচের আগেই নতুন ম্যানেজারের টার্গেট করেছিল এফএ।
তবে অলড্রিচকে হারানোর বিষয়টি খুব একটা ভালভাবে নেয়নি সান্ডারল্যান্ড।
এক বিবৃতিতে নিজেদের হতাশা প্রকাশ করে ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমের সূত্রধরেই আমরা এই বিষয়টি জানতে পেরেছি। কিন্তু সমর্থকদের হতাশার বিষয়টিও আমরা আমলে নিয়েছি। সান্ডারল্যান্ডের বৃহত্তর স্বার্থে যা কিছু করা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করছি।
২০১৫ সালের অক্টোবরে সান্ডারল্যান্ডের হট সিটের দায়িত্ব নিয়েছিলেন অলড্রিচ।
পুরো মৌসুমে রেলিগেশন খড়া কাটিয়ে প্রিমিয়ার লীগে ব্ল্যাক ক্যাটসদের একটি নিরাপদ স্থানে নিয়ে যেতে অলড্রিচ মূখ্য ভূমিকা পালন করেছেন। গত আট বছরে উত্তর-পূর্বাঞ্চলের ক্লাবটি এখন নবম স্থায়ী কোচের সন্ধানে মাঠে নামবে।