আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে ইসলামী চিন্তাবিদ আলেম-ওলামাসহ সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব।
বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও সততার ধর্ম। এই ধর্মে কোনো হানাহানি বা দাঙ্গা-হাঙ্গামার স্থান নেই। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে। এরা ইসরায়েলের এজেন্ট।
শান্তির ধর্ম ইসলামকে নিয়ে যারা ধ্বংসাত্বক খেলায় মেতেছে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোটা বিশ্বে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ইহুদি-নাছারা মুসলমান সেজে আইএস নাম দিয়ে ইসলাম ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আইএসএর প্রধান শায়েখ ইনটেলিজেন্স এর সমালোচনা করে হানিফ বলেন, সে একজন ইহুদি। ইসরাইলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য ইরাক সরকার তার বাবাকে ফাঁসি দেয়। এরপর তারা ইসরাইলে পালিয়ে যায়। সে এখন ইসলাম রক্ষায় নেমেছে! আইএস আমেরিকা ও ইসরাইলের সৃষ্টি উল্লেখ করে হানিফ বলেন, তারা আজ ইসলামকে নিশ্চিহ্ন করতে নারকীয় হত্যাযজ্ঞে নেমেছে।
তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে এর আগে বিএনপি-জামায়াত দেশে জ্বালাও, পোড়াও ও মানুষ হত্যা করেছে। তারা এসবে সুবিধা করতে না পারায় এখন ইসরাইলের গোয়েন্দা সংস্থা আইএসের সঙ্গে হাত মিলিয়ে দেশে গুপ্ত হত্যা করছে। তিনি বলেন, ইহুদি মুসলমানদের শত্রু আর সেই শত্রুদের সঙ্গে গোপন হাত মিলিয়েছে বিএনপি-জামায়াত। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হঠাতে মোসাদের সহায়তা নিয়ে দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। মোসাদের সঙ্গে বিএনপির গোপন বৈঠকের পরপরই দেশে গুপ্তহত্যা শুরু হয়।