আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তরুণ তরুণীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়ে বলেছেন, ইদানিং কিছু সংখ্যক তরুণ ভ্রান্ত শিক্ষায় বিশ্বাসী ও বিপদগামী হয়ে অন্যের জীবন কেড়ে নিল, নিজেরাও জীবন দিল। যা অত্যন্ত বেদনাদায়ক এবং মেনে নেয়ার মত নয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের ভবিষ্যত্ উজ্জ্বল করতে, তাদেরকে জনসম্পদে রূপ দিয়ে পরিবার ও দেশের উন্নয়ন ঘটাতে বাল্যবিবাগ রোধ করতে হবে। এক্ষেত্রেও সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষ যত্নবান হওয়া দরকার। এতে সন্তানেরা বিপদগামী না হয়ে দেশ ও জাতির গর্বের নাগরিক হয়ে উঠবে।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
সন্তানদের আগলে রাখার পরামর্শ দিয়ে অভিভাবকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সন্তানেরা দেশ ও জাতির সম্পদ। চোখের সামনে তাদের জীবন বিনষ্ট হতে দিতে পারি না। ধর্মের নামে ধ্বংসাত্মক সৃষ্টিকারীদের মরণখেলায় তাদের ছেড়ে দেয়া যাবে না। আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হবে। মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে, তারা মানুষ নন, অমানুষ, যা কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, পথভ্রষ্ট হয়ে যারা মানুষ হত্যা করে তারা পরিবার থেকে সঠিক শিক্ষা পায়নি। তিনি সন্তানদের সময় দিয়ে ভালোবাসা ও সুশিক্ষা দেওয়ার জন্য পরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তান পরিবারের সম্পদ। তাই তাদের প্রতি যত্নশীল হোন।