এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে সাফল্যের প্রত্যাশা

আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ভালে করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ দল।
 
এমনটাই মনে করেন দলের প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন। আর, প্রতিপক্ষদের শক্তিশালী মানলেও, হোম কন্ডিশন আর নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে চূড়ান্ত পর্বে খেলতে চায় বাংলার কিশোরীরা। আন্তর্জাতিক ফুটবলে একবারেই আনকোরা আর অনভিজ্ঞ এক দল নিয়ে গেল বছর এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত।
 
যদিও শেষ দুই ম্যাচ হেরে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নটা তাদের থেমে গিয়েছিল বাছাই পর্বেই। তবে বছর ঘুরে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ মার্জিয়ারা আবারো পাচ্ছে দেশের মাটিতে। ২৭ আগস্ট ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে চূড়ান্ত পর্বে উঠার মিশন শুরু করবে বাংলাদেশ।
 
এর পরের ম্যাচগুলোতে ছোটনের শিষ্যদের লড়াই করতে হবে চাইনিজ তাইপে, কিরগিজস্তান, সিঙ্গাপুর আর সংযুক্ত আরব আমিরাদের মত দলগুলোর বিপক্ষে। সমীকরণ কঠিন হলেও নিজেদের প্র্রস্তুতিকে পুঁজি করে অসম্ভবকে সম্ভব করারাই স্বপ্ন দেখছে বাংলার কিশোরীরা। বয়সভিত্তিক পর্যায়ে শিষ্যদের সাফল্য প্রত্যাশা বাড়িয়েছে প্রশিক্ষকের। তাই তিনিও বাজি ধরতে প্র্রস্তুত শিষ্যদের পক্ষেই।
 
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ২০১৭ সালে থাইল্যান্ডে চূড়ান্ত পর্ব খেলার সুযোগ পাবে বাংলাদেশ।