এখন জঙ্গি তৈরি হচ্ছে ধনীদের ঘরে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কওমী মাদ্রাসা জঙ্গির আস্তানা নয়, মাদ্রার ছাত্ররা জঙ্গি নয়, এখন জঙ্গি তৈরি হচ্ছে ধনীদের ঘরে, বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ে।
 
বৃহস্পতিবার ফেনীর মিজান ময়দানে জেলা পুলিশের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শহীদুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয়। যারা মসজিদে গিয়ে নামাজরত অবস্থায় ঈমামকে খুন করে, ঈদের জামাতে হামলা করে, এদেশের মানুষ তাদের কখনো মুসলমান বলে স্বীকার করেনা। এদেশের লক্ষাধিক আলেম বলেছেন, ইসলাম মানুষ হত্যা সমর্থন করেনা, জঙ্গিবাদ কখনো বেহেস্তে যাওয়ার রাস্তা হতে পারে না।’
 
ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।