পাবলিক বিশ্বদ্যিালয়ের ভিসিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মতবিনিময় শনিবার

 
দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি কার্যক্রম নির্মূলে কার্যকরী পন্থা খুঁজে বের করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি পাবলিক বিশ্বদ্যিালয়ের ভিসিদের সঙ্গে আগামীকাল শনিবার মতবিনিময় করবে।
 
বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সিনিয়র শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। 
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা বলা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
 
গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সম্প্রতি জঙ্গি হামলায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগের পর এই সভার আয়োজন করা হয়েছে।