ধর্মের নামে জঙ্গি কর্মকাণ্ডকে বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এ সমস্যার প্রভাব কিছুটা হলেও বাংলাদেশে পড়েছে। ধর্মের নামে মানুষ হত্যা করে এরা আমাদের পবিত্র ধর্ম ইসলামের গায়ে কালিমা লেপন করছে। আমি দেশের আলেম-ওলামদের প্রতি অনুরোধ করবো আপনারা খুতবা-বয়ানে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরুন, জঙ্গিবাদ গোটা মুসলিম উম্মাহকে যে বিপদাপন্ন করে তুলেছে তা বক্তব্য রাখুন। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আলেমসমাজকে সাথে নিয়েই সরকার এ সমস্যার মূল উৎপাটন করবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ বক্তব্য করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আলেম সমাজকে সমাজের স্বাভাবিক নেতা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে জুমার নামাজের খুতবায় জঙ্গি বিরোধি বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করা হয়েছে। যাতে কেউ ইসলামের অপব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে না পারে এজন্য সরকার থেকে কেবল অনুরোধ করা হয়েছে মাত্র।