দীর্ঘ বক্তৃতা দিয়ে ট্রাম্পের ইতিহাস

এক ঘণ্টা ১৫ মিনিট ধরে বক্তব্য দিয়ে ইতিহাস গড়লেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের সময় বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প।
 
গত চার দশক ধরে ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট প্রার্থীরা যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে ট্রাম্পের ৭৫ মিনিটের এই বক্তব্যটি দীর্ঘতম।
 
১৯৭২ সাল থেকে এ পর্যন্ত তিনজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর বক্তব্য এক ঘণ্টা পার করেছে। এরা হলেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্প।
 
আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আগ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের বক্তব্যটি রেখেছিলেন বিল ক্লিনটন। ১৯৯৬ সালে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন গ্রহণের সময় ৬৪ মিনিট ধরে বক্তব্য দিয়েছিলেন তিনি। ক্লিনটনকে অতিক্রম করতে না পারলেও ২০০৪ সালে তার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জর্জ বুশ। তিনি ৬২ মিনিট ধরে ন্যাশনাল কনভেনশনে মনোনয়ন গ্রহণের বক্তব্য রেখেছিলেন।
 
আর তাদের দুজনকে ছাড়িয়ে বৃহস্পতিবার ৭৫ মিনিট ধরে বক্তব্য রাখেন ট্রাম্প।