কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রা রুখতে পারবে না: মির্জা ফখরুল

 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, জনগণের ভালোবাসায় সিক্ত। ষড়যন্ত্র করে সাজানো মামলায় রায় দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত পূর্ব লন্ডনের হিলটন হোটেলে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, ব্যারিস্টার রুমিন ফারহান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন।
 
বিএনপি মহাসচিব বলেন, গোটা বাংলাদেশের অস্তিত্বই আজ বিপন্ন। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এর কিছুই এখন আর অবশিষ্ট নেই। অনির্বাচিত সরকার সাংবিধানিক সকল প্রথা ও প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করেছে। মানুষের শেষ ভরসাস্থল বিচারবিভাগকেও তারা সংকীর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছে।
 

তারেক রহমানের রায়ের তীব্র সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে সরকার তাকে মামলা, নির্যাতনে জর্জরিত করে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।