গত জন্মে বাঙালি ছিলেন বিদ্যা

এযাবৎ অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে 'পরিণীতা', 'কাহানি' এবং 'তিন' -এই ছবিগুলোতে বাঙালির চরিত্রে দেখা গেছে বিদ্যা বালানকে। এছাড়াও 'ভুলভুলাইয়া' ছবিতে মঞ্জুলিকার চরিত্রে অনবদ্য ছিলেন তিনি। এ কারণে তার বিশ্বাস, এই জন্মে নয়, তবে গত জন্মে অবশ্যই বাংলার সঙ্গে তার গভীর সংযোগ ছিল।
 
বিদ্যা আপাতত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'বেগমজান'-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবির শুটিং চলাকালীন তাকে প্রশ্ন করা হয়, তিনি এত বাঙালি চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন কেন? তার উত্তরে তিনি বলেন, 'গত জন্মে আমি বাঙালি ছিলাম।'
 
'ডার্টি পিকচার'-এর নায়িকার বাড়ি কেরালায়। তাকে 'প্রাইড অফ কেরলা' সম্মানে ভূষিতও করা হয়েছে। তিনি বাংলা ছবি 'ভালো থেকো' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। বলিউডে তিনি 'পরিণীতা' ছবি দিয়ে যাত্রা শুরু করেন, যে ছবির পুরোটাই কলকাতায় শুটিং করা হয়।
 
বিদ্যা আরো জানিয়েছেন, 'আমি যখনি বাংলায় আসি আমার সব কিছু খুব চেনা চেনা লাগে।'
 
একই সঙ্গে তিনি বলেন, 'এটা খুবই অস্বাভাবিক। কারণ, আমার পরিবারের কেউ কোনদিন এখানে আসেননি বা থাকেননি।'