গাংনীতে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার ঝোরপাড়া গ্রামে চাঁদার দাবিতে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার রাতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ঝোরপাড়া গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে ভাঙড়ি ব্যবসায়ী তৈয়ব আলীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। তবে এ হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
 
গৃহকর্তা তৈয়ব আলী জানান, গত কয়েকদিন ধরে মোবাইলফোনে সন্ত্রাসীরা আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এ ব্যাপারে গাংনী থানায় একটি জিডি করেছিলাম। জিডি করার একদিন পর সন্ত্রাসীরা আবারো আমার কাছে চাঁদা দাবি করে। দাবির চাঁদা না পেয়ে রাতে আমার বাড়ির দরজার সামনে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বোমা হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বোমা হামলাকারীদের আটকের চেষ্টা করছে।