বেলুনে বিশ্বভ্রমণের নতুন রেকর্ড

বেলুনে করে বিশ্বভ্রমণের নতুন এক রেকর্ড গড়লেন রাশিয়ার এক ভ্রমণকারী। ফায়োদর কোনিউখভ নামে রাশিয়ার এ বেলুন ভ্রমণকারীর সহযোগীরা এমনটাই দাবি করছেন।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তার বেলুনটি অস্ট্রেলিয়ার নরথাম শহরের আকাশে ফিরে এসেছে। ১১ দিন আগে এখান থেকে তিনি ভ্রমণ শুরু করেন। 
 
আকাশ ভ্রমণবিষয়ক রেকর্ডের স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন। তবে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেয়নি। তার স্বীকৃতি দিলে তিনি যুক্তরাষ্ট্রের বেলুনিস্ট স্টিভ ফসেটের রেকর্ড ভাঙবেন। ২০০২ সালে ফসেট এ রেকর্ড গড়েন।
 
কোনিউখভ তার বেলুন নিয়ে শনিবার শেষ প্রহরের দিকে অবতরণ করতে যাচ্ছেন। ফসেট যে পথে ভ্রমণ করেছিলেন, সেই একই পথে ভ্রমণে কোনিউখভের দুদিন কম সময় লেগেছে।
কোনিউখভের ভ্রমণ সহযোগীরা জানিয়েছেন,তিনি যে বেলুনে ভ্রমণ করছেন,এটির উচ্চতা ৫৬ মিটার (১৮৩ ফুট)। হিলিয়াম ও গরম বাতাস ব্যবহার করে চালানো হচ্ছে বেলুনটি। নির্ধারিত পথ পাড়ি দিতে সময় নিয়েছেন ১১ দিন ৬ ঘণ্টা। একই পথ পাড়ি দিতে ফসেটের লেগেছিল ১৩ দিন ৮ ঘণ্টা। বিবিসি