সাবেক বস অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বর্তমান কোচ হোসে মরিনহোর তুলনা করে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনি বলেছেন, পর্তুগিজ কোচের অধীনে খেলার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২০১৩ সালে চেলসির দায়িত্ব পালনকারী এই কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার পর শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের তিনটি শিরোপা জয়ী কোচের অধীনে খেলার সুযোগ লাভ করলেন রুনি। লুইস ফন গালের তত্বাবধানে গত মৌসুমে ৫ম অবস্থান পাওয়া ক্লাবটি মরিনহোর আগমনে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।
বর্তমানে চীনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশগ্রহণ করছে ইউনাইটেড। সেখানেই ৩০ বছর বয়সী রুনি বলেন, অ্যালেক্স ফার্গুসনের অধীনে খেলার জন্যই আমি ইউনাইটেডে যোগ দিয়েছিলাম। ২০০৪ সালে এভারটন ছেড়ে ইউনাইটেডে যোগ দেয়া এই ফুটবল তারকা বলেন, পরের বছরগুলোতে স্পেন, ইতালি ও ইংল্যান্ডের ফুটবলে কোচ হিসেবে মরিনহো যা দেখিয়েছেন তাতে আপনারও ইচ্ছা জাগবে তার অধীনে খেলতে। তিনি সেরা কোচদের একজন।তার অধীনে খেলা এবং প্রশিক্ষণ নেয়াটা আমার কাছে দারুণ রোমাঞ্চের বিষয়।
রুনি বলেন, গত কয়েকদিন আমি এই কোচের অধীনে প্রশিক্ষণ নিয়েছি। এই অনুশীলন পর্বগুলো ছিল খুব ভালো। তিনি বিশ্ব ফুটবলের সেরা কোচদের একজন। তিনি কি করতে চান সে বিষয়ে পরিষ্কার ধারণা তার মধ্যে রয়েছে, যেটি খুবই রোমাঞ্চকর। আমি এখন অপেক্ষায় আছি তার তত্ত্বাবধানে মাঠে নামার জন্য। গোল.কম।