জঙ্গি ও সন্ত্রাসবাদ যে কোনো মূল্যে প্রতিহত করা হবে :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের জিরো টলারেন্স নীতি মাথায় রেখে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়ে বলেছেন, যে কোনো মূল্যে এসব প্রতিহত করে জনজীবনে শান্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশের মাটিতে চলতে দেব না। এক্ষেত্রে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষাটা যেন মানুষ পায় মাঠ পর্যায়ে যারা আছেন তাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
 
গতকাল শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে উত্সাহ প্রদানের নিমিত্তে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত ‘জনপ্রশাসন পদক ২০১৬’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এই পদক বিতরণ করেন। কেউ অবদান রেখেছেন কৃষি খাতে, কেউ তথ্য প্রযুক্তি আবার কেউবা ভোগান্তি কমিয়েছেন সরকারি সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের। দেশের জন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মত জাতীয় পর্যায়ে ১৩ এবং জেলা বা মাঠ পর্যায়ে ১৭ জন ব্যক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় ‘জনপ্রশাসন পদক’। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সরকার বিভিন্নমুখী কর্মসূচি হাতে নিয়েছে, এই পদক সেইসব কর্মসূচির কর্মীদের মধ্যে প্রতিযোগিতা ও উত্সাহ-উদ্দীপনা বাড়াবে। আগামীতে আরো পুরস্কার দেওয়া হবে।
 
মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরও সেই তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ব প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসছে এবং তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। সরকারি কর্মকর্তাদের প্রভু হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত নিষ্পত্তিতে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
 
জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএম আশিকুর রহমান এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। জনপ্রশাসন পুরস্কার হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের পদক, এক লাখ টাকা (জাতীয় পর্যায়ে দলগত ৫ লাখ টাকা পর্যন্ত) ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।