জঙ্গি শরিফুলের আশ্রয়দাতা বাড়ির মালিক রিমান্ডে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের পান্তাপাড়া এলাকা থেকে জঙ্গি শফিউল ওরফে শরিফুল ডনকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
রবিবার বিকাল ৪টার দিকে পুলিশ আনোয়ারকে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোবিন্দগঞ্জ চৌকিতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের  পরিপ্রেক্ষিতে বিচারক এসএম তাসকিনুল হক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
গত শনিবার  বেলা ১১টার দিকে র‌্যাব-১৩ এর একটি দল গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দেয়। তিনি খলসি দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক এবং পান্থপাড়ার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে। শফিউল ওরফে শরিফুল ডন উত্তরবঙ্গের চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি। তিনি পান্থাপাড়ার আনোয়ারের বাসায় স্ত্রী সন্তার নিয়ে প্রায় ৩ মাস ভাড়া ছিলেন।