সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড.ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার বেলা ১১টার দিকে ছদরুদ্দিন আহমদের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখন ড. ছদরুদ্দিনের ছোট জামাতা রুমান ইউনুস, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভূইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড.সৈয়দ সামসুল আলম।
পরে তার জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মতিউর রহমান। পরে হযরত শাহজালাল(র.) এর মাজার মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্টিত হয়। এখানে বিশিষ্ট ব্যক্তিরা তার জানাজায় অংশ নেন। পরে তার লাশ গ্রামের বাড়ি গোলাপগঞ্জের ফুলবাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফণ করা হয়।
ড. ছদরুদ্দিন গত শনিবার ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
এদিকে ড. ছদরুদ্দিনের কফিনে শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে তার প্রতিনিধিদল, শাবি পরিবারের পক্ষে বর্তমান ভাইস চ্যান্সেলর ড. আমিনূল হক ভূইয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিকৃবি ভিসি ড. মো. গোলাম শাহি আলম, সাবেক এমপি বেগম জেবুন্নেসা হক, শাবির প্রাক্তন শিক্ষার্থী প্রমুখ।