আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিটে উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিটে রবিবার বিকাল থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
 
গ্যাস ভিত্তিক এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে আরো ৪‘শ মেগাওয়াট বিদ্যুৎ। শুধু তাই নয়, এই ইউনিটটি উৎপাদনে আসায় দেশের বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
 
জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিজস্ব সাড়ে ১০ একর ভূমির ওপর ২০১৩ সালে মার্চে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিটটি নির্মাণ কাজ শুরু করা হয়। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির ঋণ সহায়তায় বৃহৎ এই ইউনিটটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৭‘শ কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল থেকে ৪‘শ কোটি টাকা ও এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির ৩ হাজার ৩‘শ কোটি টাকা ঋণ সহায়তায় এই ইউনিটের নির্মাণ কাজ করেছেন স্পেনের ঠিকাদারী প্রতিষ্ঠান টিএসকে। দীর্ঘ প্রায় আড়াই বছরে নির্মাণ কাজ শেষ করে গত বছরের নভেম্বর থেকে কমিশনিং কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান টিএসকে। পর্যায়ক্রমে প্রায় ৮ মাস পরীক্ষা নীরিক্ষা শেষে গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে আসে এই ইউনিট। রবিবার বিকালে এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে ৪‘শ মেগায়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
 
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে।এই ইউনিট  থেকে বর্তমানে ৪‘শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।